পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকের উদ্দেশে রওনা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
বৈঠকে কাতারের অংশগ্রহণ
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই আলোচনায় কাতারেরও অংশ নেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দেওয়া এবং তা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্টও যাচ্ছেন
এ ছাড়া বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। স্থানীয় সময় রোববার (২১ জুন) তিনি দেশটির উদ্দেশে রওনা দিয়েছেন। এর আগে শনিবার (২০ জুন) তিনি সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার আশা করছেন। ভ্যান্স বলেন, ‘শিরোনামগুলো দেখে যা মনে হয়, বাস্তবে সেখানে (লেবাননে) পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।’



