ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে এবং উগ্রপন্থীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছে ভারত। মঙ্গলবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু দেবদেবীর ছবি ও মূর্তি অবমাননার অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হিন্দু দেবদেবীর অবমাননার ঘটনা
ব্রিফিংয়ে সাংবাদিক জানতে চেয়েছিলেন, ভারত সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি না। জবাবে জয়সোয়াল বলেন, বাংলাদেশে হিন্দু দেবদেবীর ছবি ও মূর্তি অপবিত্র করার কিছু খবর সরকার পেয়েছে। তার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় বিক্ষোভ প্রদর্শনও করেছে। তিনি বলেন, ‘ভারত আশা করে, বাংলাদেশ সরকার সেখানকার উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ও সংখ্যালঘুদের স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করবে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টার ভারত সফর
ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের ভারত সফরে আসা ও চলে যাওয়ার বিষয় নিয়েও প্রশ্ন করা হয়। তাঁর সফর ঘিরে ঠিক কী ঘটেছিল জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, ১৪ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওই উপদেষ্টা ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে ভারতে আসেন। সেই পাসপোর্টে সার্ক ভিসা ছিল। ওই পাসপোর্ট ও ভিসা নিয়ে তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের ২৮তম বৈঠকে যোগ দিতে এসেছিলেন। দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর সফর সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন কর্তারা তাঁকে ভারতে প্রবেশের অনুমতিও দেন। কিন্তু ওই উপদেষ্টা নিজের ইচ্ছায় ঢাকা ফিরে যান।



