পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা যাওয়ার আগে হজযাত্রীদের পারমিট বা অনুমোদনের সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈধ পারমিট সঙ্গে রাখা বাধ্যতামূলক। অনুমতি ছাড়া হজে অংশগ্রহণের সুযোগ নেই- এই নীতি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে মন্ত্রণালয়।
নিয়ম মেনে চলার আহ্বান
রোববার (২৬ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নির্ধারিত নিয়ম অনুসরণ করলে হজযাত্রীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে হজ মৌসুমে শৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক ব্যবস্থাপনা সহজ হয়। মন্ত্রণালয়ের মতে, পারমিট ব্যবস্থা ভিড় নিয়ন্ত্রণ এবং পবিত্র স্থানগুলোতে যাত্রীদের সুষম বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ফলে সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলো নির্ধারিত সময় ও স্থানে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারে।
কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
এদিকে বিধিনিষেধ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়া বিজ্ঞাপন ও লাইসেন্সবিহীন হজ কাফেলা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে হজযাত্রীদের আগেভাগেই সচেতন করার উদ্যোগ নিয়েছে সৌদি সরকার, যাতে তারা নিজ দেশ থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারেন।



