মাগুরায় মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে রাখা হয়েছে
মাগুরায় মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় আজ মঙ্গলবার দুপুরে দুটি মেছো বিড়ালের শাবক উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। এলাকার একটি ছোট জঙ্গল থেকে শাবক দুটি উদ্ধার করে একটি খাঁচায় নিরাপদে রাখা হয়েছে।

আতঙ্কের সৃষ্টি ও উদ্ধার অভিযান

এর আগে গত শনিবার ওই এলাকায় একটি বন্য প্রাণীকে ঘিরে আতঙ্ক তৈরি হয়। রাতে গ্রামের একটি পাকা সড়কের পাশের ঝোপঝাড়ে বাঘের মতো প্রাণীটিকে দেখা যাওয়ার পর থেকেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রাণীটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর বন বিভাগ থেকে এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরি করা হয় এবং জানানো হয়, প্রাণীটি একটি মেছো বিড়াল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পর থেকেই স্থানীয় যুবকেরা প্রাণীটির সম্ভাব্য আশ্রয়স্থল বিভিন্ন ঝোপঝাড় ও জঙ্গল এলাকায় খোঁজাখুঁজি করে যাচ্ছিলেন। এরই এক পর্যায়ে মঙ্গলবার মাগুরা-জগদল সড়কের পাশে একটি ছোট জঙ্গল থেকে দুটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় যুবকের বক্তব্য

স্থানীয় যুবক মো. ইসরাফিল বলেন, ‘শনিবার রাতে বাঘ দেখার পর থেকেই আমরা আতঙ্কে ছিলাম। বন বিভাগ আমাদের আশ্বস্ত করলেও আমরা নিজেরা খোঁজ চালিয়ে যাই। অবশেষে একটি জঙ্গল থেকে দুটি মেছো বাঘের বাচ্চা পাই। বন বিভাগের পরামর্শ অনুযায়ী সেগুলো নিরাপদে রেখেছি। তারা এসে শাবক দুটি উদ্ধার করে নিয়ে যাবে বলেছে।’

বন বিভাগের পদক্ষেপ

এ বিষয়ে মাগুরা বন বিভাগের কর্মকর্তা তপেন্দ্রনাথ ঠাকুর আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘শাবক দুটি নিরাপদে সংরক্ষণ করার জন্য স্থানীয়দের বলা হয়েছে। বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে যাবে। উদ্ধার শেষে শাবকগুলোকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ