মালদ্বীপে ডাইভিং দুর্ঘটনায় মা-মেয়েসহ ৫ ইতালীয় পর্যটকের মৃত্যু
মালদ্বীপে ডাইভিং দুর্ঘটনায় ৫ ইতালীয় পর্যটকের মৃত্যু

নীল জলের নিচে প্রবাল আর সামুদ্রিক গুহার সৌন্দর্য দেখতে গিয়ে প্রাণ হারালেন পাঁচ ইতালীয় পর্যটক। মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রের তলদেশ থেকে আর ফিরে আসেননি তারা। নিহতদের মধ্যে একজন মা ও তার ২০ বছর বয়সী মেয়েও রয়েছেন। গতকাল বৃহস্পতিবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

দুর্ঘটনার বিবরণ

ইতালীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা মিরর জানিয়েছে, নিহত পর্যটকদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনিকা মন্টেফালকনে এবং তার মেয়ে জর্জিয়া সোমকাল। বাকি তিনজন হলেন তুরিনের মুরিয়েল ওডেনিনো, পাডুয়া অঞ্চলের জিয়ানলুকা বেনেদেত্তি এবং বোরগোমানোরোর ফেদেরিকো গুয়ালতিয়েরি।

মালদ্বীপের সংবাদমাধ্যম ‘দ্য এডিশন’ জানায়, পর্যটকদের দলটি ‘ডিউক অব ইয়র্ক’ নামের একটি বিলাসবহুল ডাইভিং জাহাজে করে ভ্রমণে বেরিয়েছিলেন। মালদ্বীপের ভাভু অ্যাটলের আলিমাথা এলাকায় সমুদ্রের প্রায় ১৬৫ ফুট গভীরে ডুবো গুহা পরিদর্শনের চেষ্টা করছিলেন তারা। মঙ্গলবার সকালে তারা সাগরে নামলেও দুপুরের মধ্যে ফিরে আসার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও তারা ভেসে না ওঠায় জাহাজের ক্রুরা নিখোঁজের সংবাদ জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিকূল আবহাওয়া ও তদন্ত

জানা গেছে, দুর্ঘটনার সময় ওই এলাকার আবহাওয়া অত্যন্ত প্রতিকূল ছিল। ঘটনার দিন সকালেই ভাভু অ্যাটলে ‘ইয়োলো অ্যালার্ট’ বা সতর্কতা জারি করা হয়েছিল। ঘণ্টায় প্রায় ৩০ মাইল বেগে ঝড়ো হাওয়া বইছিল সেখানে। প্রতিকূল আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপের কর্তৃপক্ষ ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। শ্রীলঙ্কায় অবস্থিত ইতালীয় দূতাবাস নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। নিহতদের মধ্যে একজন ইতালির জেনোয়া শহরের গবেষক ছিলেন বলেও জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মালদ্বীপের পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। আনন্দময় ছুটি কাটাতে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে মালদ্বীপ ও ইতালির পর্যটন মহলে।