বাংলা ইতিহাস দর্শনসহ ছয় বিষয়ের অনার্স বাতিলের কোনো আলোচনা হয়নি: শিক্ষামন্ত্রী
বাংলা ইতিহাস দর্শনসহ ছয় বিষয়ের অনার্স বাতিলের আলোচনা হয়নি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয়ে স্নাতক (অনার্স) বাতিলের কোনো আলোচনাই হয়নি। আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রীর বক্তব্য

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার জানামতে, এ রকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি, আমার জ্ঞাতসারে।’ তিনি আরও বলেন, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তবে বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে—এ আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বক্তব্য

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্য

এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘অনার্স বাতিল হচ্ছে কিছু বিষয়ে, এটা আমি নিউজ হিসেবে দেখেছি। আমাদের সরকারের দিক থেকে অফিশিয়ালি জানানোর আগপর্যন্ত, এ রকম কোনো নিউজকে আমি গুরুত্ব না দেওয়ার জন্যই বলব।’ বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয়ে স্নাতক (অনার্স) থাকবে না, এটাও মনে করেন না জাহেদ উর রহমান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ