পাবনায় মাদ্রাসার ফটকে গুলি করে হত্যা, পৃথক ঘটনায় ছুরিকাঘাতে নিহত ১
পাবনায় মাদ্রাসার ফটকে গুলি করে হত্যা, ছুরিকাঘাতে নিহত ১

পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৫৩)। তার বাড়ি গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেনের ছেলে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় পড়ে। ঈদের ছুটির পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ছেলেকে নিয়ে মাদ্রাসায় আসেন। মাদ্রাসার ফটকে ছেলে প্রবেশ করার পরই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্বৃত্তরা ঘটনার পর পালিয়ে যায়।

পৃথক ছুরিকাঘাতের ঘটনা

একই দিন বিকাল ৪টার দিকে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে মনিরুল ইসলাম (২৪) নামে এক তরুণ ছুরিকাঘাতে নিহত হন। তিনি সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী। তার বাড়ি সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নামের এক তরুণের সঙ্গে বাগবিতণ্ডার জেরে মনিরুলকে ছুরিকাঘাত করা হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশের বক্তব্য

পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার জানান, খবর পেয়ে নিহত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গুলিতে নিহত আলী হোসেন চরমপন্থি দলের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলে তাকে হত্যা করা হতে পারে। অন্যদিকে নিহত মনিরুল ও অভিযুক্ত রাকিব একই এলাকার বাসিন্দা। ঘটনার পর রাকিবকে আটক করা হয়েছে। দুটি ঘটনাই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ