মাদক অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ কুখ্যাত ব্যবসায়ী গ্রেফতার
মাদক অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় যাত্রাবাড়ী এলাকা থেকে দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেন ওরফে বাবু (৪৫) কে আটক করা হয়।

অভিযানের বিবরণ

ডিএনসি সূত্র জানায়, ঢাকার কেরাণীগঞ্জের বাসিন্দা বাবুল হোসেন দীর্ঘদিন ধরে যশোরসহ দেশের দক্ষিণাঞ্চলে অবস্থান করে কৌশলে ইয়াবা পাচার ও সরবরাহ কার্যক্রম চালিয়ে আসছিলেন। তিনি একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মাদক পাচার করতেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) বাবুল হোসেন ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। এ তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে একটি দল মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় গোলচত্বরের পূর্ব পাশে নাসির উদ্দিন সর্দার মার্কেটের সামনে যশোরগামী লিটন ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় সাধারণ যাত্রীবেশে থাকা বাবুল হোসেনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে স্কচটেপ ও টিস্যু মোড়ানো অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তির পরিচয় ও কার্যক্রম

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাবুল হোসেন কেরাণীগঞ্জের আটি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে যশোরে বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে যশোর, খুলনা, রংপুর ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন মাদক ব্যবসায়ীর সঙ্গে যুক্ত ছিলেন। একই সঙ্গে কেরাণীগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারের টেকনাফ এলাকার মাদক চক্রের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে বাসসহ বিভিন্ন মাধ্যমে প্রথমে কেরাণীগঞ্জে আনতেন। পরে সেখান থেকে যশোর হয়ে খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশালসহ বিভিন্ন জেলায় পাইকারি সরবরাহ করতেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি এই রুট ব্যবহার করতেন বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

আইনানুগ ব্যবস্থা

এ ঘটনায় গ্রেফতার বাবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ডিএমপি যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে ডিএনসি।