জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ভিসি ভবন, বিজ্ঞান অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন প্রদক্ষিণ করে শান্ত চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রদল নেতাদের বক্তব্য
ছাত্রদল নেতারা দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ক্যাম্পাসে কর্মসূচি পালনের চেষ্টা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার একটি অপচেষ্টা। ক্যাম্পাসে সন্ত্রাস ও অস্থিতিশীলতার রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানাতেই তারা এই বিক্ষোভ করেছেন।
সমাবেশে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামছুল আরেফিন বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনের পুনর্বাসনের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি শিক্ষার পরিবেশ সম্পন্ন ক্যাম্পাস। এখানে সন্ত্রাস ও অপসংস্কৃতির রাজনীতি ফিরে আসার কোনো সুযোগ নেই।
সংগঠনের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ক্যাম্পাসে কর্মসূচি পালনের যে অপচেষ্টা হয়েছে, তা সাধারণ শিক্ষার্থীরা কখনো মেনে নেবে না। ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীরা
বিক্ষোভ ও সমাবেশে জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মো. মুস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার আহমেদ, কে. এম. মাহমুদ হাসান, রবিউল আউয়াল, ইয়াকুব শেখ অনিক, শাখায়তুল ইসলাম খান পরাগসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বের ঘটনা
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৩ নং ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার হাতে মানববন্ধনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ছবিতে দৃশ্যমান ব্যক্তিদের অঙ্গপ্রত্যঙ্গে অসংলগ্নতা পরিলক্ষিত হলে সন্দেহ সৃষ্টি হয়। নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৯ টায় মানববন্ধন কর্মসূচি পালনের দাবি করা হলেও উপস্থিত প্রত্যক্ষদর্শী কেউই এ ধরনের সমাবেশ দেখেনি বলে জানান।



