রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশের নজরদারি
রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ মঙ্গলবার ভোরে পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় রাজশাহী–নওগাঁ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মিছিলের বিবরণ

স্থানীয় সূত্র জানায়, সকাল ছয়টার দিকে নওহাটার রহমান কোল্ড স্টোরেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে এটি শেষ হয়। পুরো কর্মসূচি ৮ থেকে ৯ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতা-কর্মীর মুখে মাস্ক ছিল। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

প্রসঙ্গ ও পুলিশের প্রতিক্রিয়া

গত বছরের ৫ আগস্টের পর রাজশাহীতে আওয়ামী লীগের ব্যানারে এটিই প্রথম প্রকাশ্য মিছিল। এর আগে রাজশাহী মহানগর এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের বিষয়টি পুলিশ জেনেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ