জাতীয় স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে নিম্নমানের ও পচা খাবার সরবরাহের অভিযোগে মাদারীপুর সদর উপজেলা থেকে এএফএম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এবং নুরুজ্জামানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।
অভিযোগ ও গ্রেফতার
অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেফতার করে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গ্রেফতার আসামিরা সমতা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।
তদন্তের তথ্য
তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের ভূমিকা ও দায়-দায়িত্বের প্রাথমিক সত্যতা পাওয়ায় মাদারীপুর সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
শিক্ষার্থীদের অসুস্থতা
এর আগে মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হলে সরকার দ্রুত ব্যবস্থা নেয়।
সরকারের পদক্ষেপ
সরকার এ বিষয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসককে অনুরোধ করেন। তিনি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান।



