বেকারত্ব কমাতে সহজ শর্তে ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
বেকারত্ব কমাতে সহজ শর্তে ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

দেশে বেকারত্ব কমানো ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এছাড়া স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য রয়েছে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা। পাশাপাশি বিনামূল্যে প্রশিক্ষণ ও ৫ হাজার টাকা ভাতাও দেওয়া হচ্ছে।

সংসদে তথ্য জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। এদিন বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও বিনা সুদে ঋণ প্রদানের কোনও প্রকল্প রয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কোনও বিনা সুদের ঋণ প্রকল্প চালু নেই। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল

মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এছাড়া জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্টার্টআপদের জন্য ৪ শতাংশ সুদে ঋণ

স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে ‘স্টার্টআপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার আরও একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবেন।

শুধু ঋণ নয়, স্টার্টআপ খাতে ইক্যুইটি সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে ‘বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ নামে একটি ইক্যুইটি ইনভেস্টমেন্ট কোম্পানিও গঠন করা হয়েছে। স্টার্টআপ উদ্যোগগুলো এ প্রতিষ্ঠান থেকে ইক্যুইটি সহায়তা নিতে পারবে।

বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ৫ হাজার টাকা ভাতা

মন্ত্রী জানান, ‘স্কিল ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) -এর আওতায় বাংলাদেশ ব্যাংকের পিআইইউ- এসআইসিআইপি পরিচালিত এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন জেলায় সম্ভাব্য উদ্যোক্তাদের এক মাসব্যাপী ১০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের জন্য কোনও ফি দিতে হয় না। বরং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করলে উদ্যোক্তাদের ৫ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে ঋণ পাওয়ার ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দেওয়া হয়।