আর কয়েক দিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে সিলেটের হাওরাঞ্চল থেকে নগরের অলিগলি—সবখানেই ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছেন সমর্থকেরা। নগরের বিভিন্ন পাড়া-মহল্লা, সড়ক ও অলিগলিতে চলছে প্রস্তুতি। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে সমর্থকেরা নিজ উদ্যোগে বিভিন্ন দেশের পতাকা টাঙাচ্ছেন, পছন্দের খেলোয়াড়দের গ্রাফিতি আঁকছেন, লাগাচ্ছেন পোস্টার ও স্টিকার। খেলার সামগ্রীর দোকানগুলোতেও বেড়েছে ব্যস্ততা। বিক্রি হচ্ছে বিভিন্ন দলের জার্সি ও ফুটবলসামগ্রী।
সড়ক-মহল্লায় পতাকার ছড়াছড়ি
সিলেট নগরের আম্বরখানা, মদিনা মার্কেট, সুবিদবাজার, শাহপরান, টিলাগড়, উপশহর, কুমারপাড়া, মীরাবাজার, জিন্দাবাজার, জল্লারপাড়, মির্জা জাঙ্গালসহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে দেখা মিলছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও ইংল্যান্ডের পতাকা। ভবনের ছাদ, বারান্দা এবং সড়কের দুই পাশেও ঝুলছে বিভিন্ন দেশের পতাকা।
দেয়ালচিত্রে বিশ্বকাপের আবহ
শুধু পতাকাই নয়, দেয়ালচিত্রেও ফুটে উঠছে বিশ্বকাপের আবহ। কোথাও লিওনেল মেসি, কোথাও কিলিয়ান এমবাপ্পে, আবার কোথাও নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র কিংবা জুড বেলিংহামের বিশালাকৃতির গ্রাফিতি নজর কাড়ছে পথচারীদের। এসব আয়োজনে অংশ নিচ্ছে শিশু-কিশোরেরাও।
মহল্লায় প্রতিযোগিতা
নগরের মির্জা জাঙ্গাল এলাকার বাসিন্দা রতন মল্লিক বলেন, ‘মহল্লায় ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি গ্রুপ সৃষ্টি হয়েছে। প্রতি ফুটবল বিশ্বকাপে এমনটি দেখা দেয়। একটি গ্রুপ ৩০ ফুট লম্বা কোনো দলের পতাকা তৈরি করলে অন্য গ্রুপ ৩৫ ফুট লম্বা পতাকা তৈরি করবে। একটি গ্রুপ দেয়াললিখন করলে অন্য গ্রুপ দেয়াললিখনও করছে। এরই মধ্যে মহল্লায় একাধিক দেয়ালচিত্র ও পতাকা আকার কাজ শুরু হয়ে গেছে।’
উপশহর এলাকার ফুটবলপ্রেমী রায়হান আহমদ বলেন, ‘বিশ্বকাপ মানেই অন্য রকম অনুভূতি। চার বছর পরপর এই আয়োজন আসে। তাই বন্ধুদের নিয়ে এলাকার সাজসজ্জার কাজ শুরু করেছি। প্রিয় দল আর্জেন্টিনার পতাকা লাগানোর পাশাপাশি মেসির একটি বড় গ্রাফিতিও আঁকা হচ্ছে।’
ব্যবসায়ীদের ব্যস্ততা
শহরের বিভিন্ন স্টিকার ও প্রিন্টিং প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশের পতাকা, জার্সি, পোস্টার ও খেলোয়াড়দের স্টিকারের চাহিদা বেড়েছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের সামগ্রীর চাহিদা সবচেয়ে বেশি।
হাওরেও উন্মাদনা
নগরের বাইরেও ছড়িয়ে পড়েছে এই উন্মাদনা। সম্প্রতি শহরতলির উফতার হাওরের মাঝখানে ব্রাজিলের একটি পতাকা দেখা গেছে। স্থানীয় বাসিন্দা আহমদ সবুজ বলেন, নৌকায় গিয়ে বাঁশের খুঁটিতে পতাকাটি টাঙিয়েছেন এলাকার এক ব্রাজিল সমর্থক। তিনি নিজে আর্জেন্টিনার ভক্ত। অন্য সমর্থকদের নিয়ে তাঁরাও পতাকা টাঙানোর প্রস্তুতি নিচ্ছেন।



