শেরপুরে ব্রাজিল সমর্থক হতে ১০ লিটার দুধে গোসল শিবুর
শেরপুরে ব্রাজিল সমর্থক হতে ১০ লিটার দুধে গোসল

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শেরপুরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করে ১০ লিটার দুধ দিয়ে গোসলের মাধ্যমে ব্রাজিল সমর্থক গোষ্ঠীতে যোগ দিয়েছেন শিবু নামের এক ফুটবলপ্রেমী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চাপাতলি এলাকার মাদক নিরাময় কেন্দ্রের ভবনের ছাদে দেবপ্রিয় দাস শিবু ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা দেন।

ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মাঝে আলোচনার সৃষ্টি হয়েছে। ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেন ও আলিম জানান, শিবু দীর্ঘদিন ধরে শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করতেন। কিন্তু এটি যেহেতু মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবং বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো খেলোয়াড় নেই, তাই তার আস্থা কমেছে। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল এবং নেইমারের খেলা তাকে আকর্ষণ করছে। এ কারণে তিনি ব্রাজিলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই আনুষ্ঠানিকতায় তিনি প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা মোট ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন। এরপর সবার সামনে আর্জেন্টিনার জার্সি খুলে ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে নেন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার বেশ কয়েকজন ব্রাজিল সমর্থক। তারা নতুন এই সদস্যকে করতালি দিয়ে স্বাগত জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিবু বলেন, ‘আমি মূলত লিওনেল মেসির কারণে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। তাছাড়া বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত ফুটবলারদের ছড়াছড়ি নেই। ফলে দলটির ওপর আমি আগের মতো ভরসা পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিলের শৈল্পিক ফুটবল সব সময়ই আমার ভালো লাগে। নেইমার আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। এসব দিক বিবেচনা করেই আমি এবার ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিবুর বন্ধু ও ব্রাজিল সমর্থক মো. আলিম বলেন, ‘শিবু শুধু মেসির কারণে আর্জেন্টিনা করতেন। কিন্তু এবার দলটির ওপর আস্থা হারিয়ে ফেলায় ব্রাজিলের হলুদ শিবিরে যোগ দিয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি।’

ব্রাজিলের আরেক সমর্থক মেহের খান অপু বলেন, ‘বিশ্বকাপের আগে ফুটবল সমর্থকদের মধ্যে এ ধরনের আবেগ ও পরিবর্তন খুব একটা অস্বাভাবিক নয়। তিনি এখন আমাদের দলের অংশ। আমরা সবাই মিলে এবার ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের জন্য শুভকামনা জানাই।’

মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মেহের খান অপু বলেন, ‘১০ লিটার দুধ দিয়ে গোসল করার পর শিবু ব্রাজিল সমর্থক হিসেবে ঘোষণা দেন। পরে উপস্থিত সমর্থকরা তাকে ব্রাজিলের জার্সি পরিয়ে ফুলের মালা দিয়ে স্বাগত জানান।’