শেরপুরে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিল সমর্থক হলেন দেবপ্রিয়
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থক হলেন দেবপ্রিয়

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে শেরপুরে ঘটেছে ভিন্নধর্মী এক ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক দেবপ্রিয় দাস ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হয়েছেন। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে, চলছে নানা আলোচনা।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকার স্বজন মাদক নিরাময় কেন্দ্রের ছাদে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ সময় ব্রাজিলের ২০ থেকে ২৫ জন সমর্থক উপস্থিত ছিলেন।

তাঁদের একজন ব্রাজিল সমর্থক মো. আলিম জানান, দেবপ্রিয় দাস দীর্ঘদিন শুধু লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করতেন। তবে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে তিনি মনে করছেন। পাশাপাশি বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড় না থাকায় দলটির প্রতি তাঁর আগের মতো আস্থা নেই। এ কারণে তিনি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে দেবপ্রিয় দাস বলেন, ‘বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকা খেলোয়াড় নেই। তাই দলটির ওপর আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সব সময়ই আমার ভালো লাগে। নেইমারও আমার পছন্দের খেলোয়াড়দের একজন। এসব কারণেই ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’

শেরপুরের স্বজন মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মেহের খান বলেন, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে দেবপ্রিয় আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হয়েছেন। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তাঁকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ