বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ ও উচ্চ আর্দ্রতার কারণে দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চাইলেই আবহাওয়া পরিবর্তন করা সম্ভব নয়, তবে জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে এই গরমের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জরুরি।
পোশাক নির্বাচনে সতর্কতা
তীব্র গরমে সুস্থ থাকার প্রথম ধাপ হলো সঠিক পোশাক নির্বাচন। সুতি বা লিনেনের মতো প্রাকৃতিক উপাদানে তৈরি হালকা ও ঢিলেঢালা পোশাক পরুন, যাতে বাতাস চলাচল করতে পারে। এতে ঘাম কম হবে এবং শরীর স্বস্তিতে থাকবে। কালো বা গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলুন, কারণ এগুলি তাপ শোষণ করে শরীরকে আরও গরম করে। অন্যদিকে, হালকা রঙের পোশাক সূর্যের আলো প্রতিফলিত করে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে।
শরীর হাইড্রেটেড রাখা
গরমে অতিরিক্ত ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর তরল বেরিয়ে যায়। তাই সারাদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি। চিনিযুক্ত পানীয় যেমন সোডা এড়িয়ে চলুন, কারণ এগুলি ডিহাইড্রেশন বাড়ায়। পরিবর্তে ডাবের পানি, লেবুর শরবত বা তাজা ফলের রসের মতো প্রাকৃতিক পানীয় পান করুন। তরমুজ, কমলা ও শসার মতো পানিজাতীয় ফল খাওয়ার অভ্যাস করুন।
কাজের মাঝে বিরতি
উচ্চ আর্দ্রতায় শরীর বেশি ঘামে, তাই শারীরিক পরিশ্রমের সময় কিছুক্ষণ পরপর বিরতি নিন। বিশেষ করে যারা রোদে বা বাইরে কাজ করেন, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরতির সময় ছায়ায় বসুন, মাথার টুপি খুলে ফেলুন এবং প্রচুর পানি পান করুন। এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমবে।
ঘর ঠান্ডা রাখার উপায়
বাইরের তাপ থেকে বাঁচতে ঘর ঠান্ডা রাখা আবশ্যক। এয়ার কন্ডিশনার থাকলে ব্যবহার করুন; না থাকলে ফ্যানের বাতাস যেন ঘরে ভালোভাবে ছড়ায় সেভাবে ফ্যান রাখুন। দিনের বেলা পর্দা টেনে রাখুন যাতে সরাসরি সূর্যের আলো না ঢোকে। রাতে জানালা-দরজা খুলে দিন যাতে বাইরের ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে।
নিয়মিত গোসল ও শরীর ঠান্ডা করা
শরীরের তাপমাত্রা কমাতে ঠান্ডা পানিতে গোসল করুন। বেশি গরম লাগলে দিনে কয়েকবার গোসল করা যেতে পারে। একটি স্প্রে বোতলে ঠান্ডা পানি নিয়ে মুখে ও শরীরে স্প্রে করাও কার্যকর। অথবা ভেজা তোয়ালে দিয়ে মুখ ও হাত মুছে নিন।
রোদের তীব্রতা এড়িয়ে চলা
তীব্র তাপপ্রবাহে প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া এড়িয়ে চলুন। বাইরে যেতে হলে ছাতা, টুপি ও পর্যাপ্ত পানি সঙ্গে রাখুন। বিশেষ করে দুপুরের সময় রোদের তীব্রতা সবচেয়ে বেশি থাকে, তখন বাইরে বের না হওয়ার চেষ্টা করুন।
সহজপাচ্য খাবার গ্রহণ
গরমে হজমের সমস্যা বাড়ে, তাই হালকা ও সতেজ খাবার খান। অতিরিক্ত চর্বিযুক্ত ও গুরুপাক খাবার এড়িয়ে চলুন। সালাদ, ফলমূল ও শাকসবজি খাদ্যতালিকায় রাখুন। স্যুপ বা ঝোলজাতীয় খাবারও উপকারী। মশলাদার খাবার শরীরের তাপমাত্রা বাড়ায়, তাই তা এড়িয়ে চলুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাস্তার ধারের অস্বাস্থ্যকর খোলা খাবার পুরোপুরি পরিহার করুন।
উৎস: দি ফাইনান্সিয়াল এক্সপ্রেস



