দেশজুড়ে নানা ঘটনায় ফুটে উঠল ৯ জুনের চিত্র
দেশজুড়ে নানা ঘটনায় ফুটে উঠল ৯ জুনের চিত্র

৯ জুন দেশের বিভিন্ন স্থানের নানা ঘটনা ফুটে উঠেছে। মানিকগঞ্জের দিঘিতে পুকুরে ফুটে থাকা জাতীয় ফুল শাপলা মুগ্ধতা ছড়াচ্ছে। রাঙামাটির দীঘলি বাঁকে কসমস ফুলে রস খেতে এসেছে রঙিন প্রজাপতি।

পাহাড়ি কিষানির জুমচাষ

রাঙামাটির মোরঘোনায় জুমে ফসল বোনার আগে আগাছা পরিষ্কারের কাজ করছেন পাহাড়ি কিষানি। ঝুম বৃষ্টি শুরু না হওয়া পর্যন্ত জুমে ফসল বোনা অব্যাহত থাকবে।

আকাশ কালো মেঘে ছেয়ে গেছে

সিরাজগঞ্জের রায়গঞ্জের রণতিথায় সকালে বৃষ্টির আগে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাট বিক্রি শুরু

খুলনার রেলিগেটে রপ্তানি স্থবিরতায় আট মাস ধরে মজুত থাকা কাঁচা পাট বিক্রি শুরু হয়েছে স্থানীয় পাটকলগুলোতে। প্রতি মণে প্রায় এক হাজার টাকা লোকসান করেই গোডাউন থেকে ট্রাকে পাট তুলছেন শ্রমিকেরা।

ফেরিওয়ালার স্টিলের তৈজসপত্র

খুলনার মানিকতলায় মহল্লায় মহল্লায় ঝুড়িতে করে স্টিলের তৈজসপত্র বিক্রি করতে বেরিয়েছেন এক ফেরিওয়ালা। চলতে চলতেই হ্যান্ডমাইকে ক্রেতাদের ডাকছেন তিনি।

লটকন ও লিচু বাজার

রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠের সামনে মৌসুমি ফল লটকন নিয়ে বিক্রির জন্য বসেছেন এক বিক্রেতা। একই স্থানে দিনাজপুরের সুস্বাদু লিচুতে সয়লাব পাইকারি বাজার। মুম্বাই জাতের এই লাল টসটসে লিচু ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।

সিলেটে বৃষ্টি

সিলেটে মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলাতেও অনেক যানবাহন বাতি জ্বালিয়ে চলাচল করছে। ঝুম বৃষ্টির মধ্যেও প্রয়োজনের তাগিদে পথে নেমেছেন মানুষ। জিন্দাবাজার এলাকায় এই দৃশ্য দেখা গেছে। টানা বৃষ্টিতে বেড়েছে সিলেটের সবচেয়ে বড় সুরমা নদীর পানি। কিনব্রিজ এলাকায় সকাল থেকে আকাশ মেঘলা, সঙ্গে বৃষ্টিও হচ্ছে।

কলা কেটে বাড়ি ফেরা

পাবনার চাঁদেরহাট, চরঘোষপুরে জমি থেকে গাছপাকা কলা কেটে কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল

নিষেধাজ্ঞা থাকলেও চারজন যাত্রী নিয়ে চলছে একটি ব্যাটারিচালিত অটোরিকশা। সিলেট নগরের বিভিন্ন সড়কে চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা। সড়কে এসব যানবাহনের সংখ্যা বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে। কাজীরবাজার সেতু এলাকায় এই চিত্র দেখা গেছে।